যুবলীগ কর্মীর হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল শনিবার হামলা চালিয়ে সুমন গাজী (২৫) নামে যুবলীগের এক কর্মীর হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ছাড়া তারা পিটিয়ে যুবলীগ ও শ্রমিক লীগের আরও পাঁচ কর্মীকে আহত করেছে। শ্রমিক লীগের ব্যানার লাগানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আবুল বশার (২৫), দুলাল হোসেন (২৮), মনির হোসেন (২৫), মো. মাসুম (২৮) ও জসিম উদ্দিন (২৭)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও শ্রমিক লীগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিফ হুইপ আ স ম ফিরোজ ও সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার এবং আরেক পক্ষে আছেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমান।
আহত আবুল বশার বলেন, গত বৃহস্পতিবার তাঁরা উপজেলার বগা ইউনিয়নের বাবনিকাঠি বাজারে শ্রমিক লীগের একটি ব্যানার টাঙিয়ে দেন। ওই ব্যানারে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আবুল হাসনাত আবদুল্লাহ, সজীব ওয়াজেদ জয়সহ মেয়র জিয়াউল হকের ছবি দেওয়া ছিল। এতে চিফ হুইপ আ স ম ফিরোজ ও আবদুল মোতালেব হাওলাদারের লোকজন ক্ষুব্ধ হন। শুক্রবার রাতে কে বা কারা ওই ব্যানার ছিঁড়ে ফেলে। পরে গতকাল বেলা ১১টার দিকে আবদুল মোতালেব হাওলাদারের দুই ছেলে হাসান মাহমুদ (২৮) ও হাসিবের (২৫) নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল বাবনিকাঠি গিয়ে তাঁকেসহ দুলাল, মনির, মাসুমকে মারধর করে। তারা দ্বিতীয় দফায় বেলা সাড়ে ১১টার দিকে বগা ইউনিয়নের ডা. ইয়াকুব আলী শরীফ ডিগ্রি কলেজ এলাকায় জিয়াউল হকের সমর্থিত সুমন গাজী ও জসিমকে আটক করে প্রকাশ্যে বেধড়ক পিটুনি দেয়। এতে সুমনের বাঁ হাত ও ডান পা ভেঙে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের সবাইকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে হাসান মাহমুদ গতকাল বিকেলে সোয়া চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর ভাই এ ঘটনার সঙ্গে জড়িত নন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।