যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন
নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা সদরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। গত বুধবার দুপুরে ছাত্রলীগের দুই নেতাকে মারধর করেন উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলমের সমর্থকেরা। এর জের ধরে বিকেলে যুবলীগ কার্যালয় ও আশরাফুলের বাড়িতে হামলা চালান ছাত্রলীগ নেতারা। এর পর থেকে উপজেলা সদরে উত্তেজনা চলছে।
এই পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার প্রশাসন ও আওয়ামী লীগ নেতারা বৈঠক করেন। বৈঠকে বিবাদ মীমাংসার দায়িত্ব নিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতারা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আবদুল হান্নান ওই বৈঠকে বলেন, ‘আমরা নিশ্চয়তা দিচ্ছি, আর গোলমাল হবে না। আমরা উভয় পক্ষের সঙ্গে বসে এর শান্তিপূর্ণ সমাধান করব।’ বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিনহাজউদ্দীন বলেন, ‘আবারও এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ জিরো টলারেন্স দেখাবে।’
এদিকে যুবলীগের সভাপতি আশরাফুল আলম হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন তাঁর ছোট ভাই মো. জসিম। তিনি জানান, আশরাফুলকে অ্যাম্বুলেন্সে করে গতকাল বৃহস্পতিবার সকালে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।