যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম
রাজশাহী নগরের বিনোদপুর বাজারে গতকাল মঙ্গলবার রাতে যুবলীগের নেতা মেহেদী হাসান ওরফে ইয়ামিনকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়েছে। একই সময় ছাত্রলীগের নেতা ইসতিয়াক আহাম্মেদ ওরফে ইসাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেদী হাসান ৩৫ নগরের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। ইসতিয়াক (২৪) রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য।
যুবলীগ, ছাত্রলীগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মেহেদী ও ইসতিয়াক রাত ১০টার দিকে নগরের বিনোদপুর বাজারে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত এসে তাঁদের ওপরে হামলা চালায়। প্রথমে তারা গুলি করলে মেহেদীর বাঁ পায়ে লাগে। তিনি পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁর বাঁ হাত ও বাঁ পা কুপিয়ে জখম করে। ইসতিয়াকের দুই পা, হাত ও কোমরে কুপিয়ে জখম করে চলে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বদিউজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাত সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময় আহত দুজনের অস্ত্রোপচার চলছিল।