যুবলীগ-ছাত্রলীগের হরতালবিরোধী মিছিলে সংঘর্ষ
চট্টগ্রামে হরতালবিরোধী মিছিল করার সময় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে একজন আহত হন।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে নগরের কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা থেকে সাব-এরিয়ার দিকে যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে একটি মিছিল বের করলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল আন্দরকিল্লা থেকে যুবলীগ ও ছাত্রলীগের একটি হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিলটি প্রায় ৩০০ মিটার উত্তরে সাব-এরিয়া অতিক্রম করার সময় এক তরুণ জ্যেষ্ঠ এক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও মুহূর্তের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হাতাহাতির পর উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়। এর আগে দুর্ব্যবহারকারী তরুণ দৌড়ে পালিয়ে যান। তাঁর পরিচয় জানা যায়নি। তবে তিনি পিটুনির শিকার হন।
কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার শাহ মুহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘হরতালবিরোধী মিছিল করার সময় জুনিয়র এক ছেলে সিনিয়র এক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করলে ঘটনার সূত্রপাত ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন।’
গতকাল নগরের আরও ২১টি এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগ যৌথভাবে মিছিল-সমাবেশ করেছে। সমাবেশগুলো থেকে দলীয় নেতারা জামায়াতের নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানান।
এদিকে জামায়াতের ডাকা হরতাল কর্মসূচিতে সাব-এরিয়া ছাড়া আর কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। হরতালে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। গতকাল ব্যক্তিগত গাড়িও চলেছে। দূরপাল্লার ট্রেনগুলো যাত্রী পরিবহন করেছে। বন্দরে পণ্য ওঠানো-নামানো ও সরবরাহ হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘হরতালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সতর্ক অবস্থানে ছিল।’