প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা আবদুস ছালাম খানকে (৬৫) ঝালকাঠির রাজাপুরে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহত ব্যক্তির ছেলে শামসুল আলম খান বাদী হয়ে রাজাপুর থানায় মামলাটি করেন।
এই মামলায় সাতুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তাফিজুর রহমানসহ আটজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমানকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী ১ ডিসেম্বরের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আবদুস ছালামের বাড়ি ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে। তাঁর ছেলে শামসুল আলম বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর তাঁর বাবা সম্প্রতি রাজাপুরের শিয়ালকাঠি গ্রামে আবদুর রহমান কিন্ডারগার্টেন নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গত সোমবার বিকেল পাঁচটার দিকে বিদ্যালয়ের কাজে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের বকুলতলা গ্রামে এক শিক্ষিকার বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে শাহ আলম ও তাঁর সহযোগীরা তাঁর গতি রোধ করেন। একপর্যায়ে ওই শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাঁকে মারধর করেন শাহ আলম। পরে তাঁকে আমতলী বাজারে এনে আবারও মারধর করা হয়। আহত অবস্থায় তিনি রাতে বাড়িতে আসেন। পরিবারের কাউকে কিছু না বলে শুয়ে পড়েন। রাত চারটার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. গোলাম ফরহাদ বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ভিসেরার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এ ঘটনার পর আবদুর রহমান কিন্ডারগার্টেনের ওই শিক্ষিকা বাড়ি ছেড়ে চলে গেছেন। গতকাল বুধবার মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘একাধিক ব্যক্তি মুঠোফোনে এবং সরাসরি বাড়িতে এসে আমাকে এ বিষয়ে কোনো কথা না বলতে শাসিয়ে গেছে। নিরাপত্তার অভাবে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছি।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, আসামি পলাতক। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের জোর অভিযান চলছে।
আমাদের পিরোজপুর প্রতিনিধি জানান, আবদুস ছালাম খান হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল পিরোজপুরের ভান্ডারিয়ায় মানববন্ধন, প্রতিবাদ সভা ও শোক র্যা লি হয়েছে। ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে মুক্তিযোদ্ধা সংসদ। এর আগে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা একটি শোক র্যা লি বের করেন। বেলা দুইটায় ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক হাওলাদার, শিক্ষক রেজাউল আহসান, সহিদুর রহমান, মো. ওমর ফারুক প্রমুখ।