যুবলীগ নেতা ও চালককে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন যুবলীগের এক নেতাকে গতকাল মঙ্গলবার কুপিয়ে হত্যা করা হয়েছে। একই দিন মাগুরা শহরতলির আঠারখাদা লোহার ব্রিজের কাছ থেকে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
গোয়ালন্দে নিহত যুবলীগ নেতার নাম শরিফুজ্জামান পলাশ (৩২)। তিনি স্থানীয় জয়নদ্দিন সরদার পাড়া গ্রামের এ বি সিদ্দিক ব্যাপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শরিফুজ্জামান ইউনিয়নের দরাপেরডাঙ্গার রাস্তার একটি বাঁশের মাচায় বসে দুজনের সঙ্গে কথা বলছিলেন। কিছুক্ষণ পর গ্রামের জিন্দার আলী কাছে এলে শরিফুজ্জামান তাঁকে বসতে বলেন। কিন্তু জিন্দার না বসে শরিফুজ্জামানকে নিয়ে একটু দূরে রাস্তার কাছে গিয়ে বসেন। এরপর দুই পাশ থেকে লুঙ্গি পরা চার-পাঁচজন রামদা দিয়ে পেছন থেকে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মাচায় বসে থাকা গিয়াস উদ্দিন ও আকের হোসেন এগিয়ে গেলে তাঁদেরও ধাওয়া করা হয়। শরিফুজ্জামান রাস্তার ঢালুতে পড়ে গেলে সেখানেও তাঁকে উপর্যুপরি কোপানো হয়। পরে এলাকাবাসী জড়ো হলে সবাই পালিয়ে যায়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
গিয়াস উদ্দিন ও আকের হোসেন বলেন, জিন্দারসহ তাঁর ভাই নান্নু শেখ ও একই গ্রামের খয়ের আলীর ছেলে জব্বারকে চিনতে পারলেও অন্যদের তাঁরা চিনতে পারেননি।
স্থানীয় লোকজন জানান, শরিফুজ্জামান উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে মাগুরা শহরতলির আঠারখাদা লোহার ব্রিজের কাছে ফাঁকা মাঠে গতকাল সকালে শাওন শেখ (১৮) নামের ওই অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাওন নিজনান্দুয়ালী গ্রামের জাকাত শেখের ছেলে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, শাওনের হাত-পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। সম্ভবত তাঁকে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লাশের পরিচয় মিলেছে: গত সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ-রাজবাড়ী বেড়িবাঁধ সড়কের পাশ থেকে পাওয়া বস্তাবন্দী লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম আসাদুজ্জামান ওরফে মাসুদ মোল্যা (২৫)। তিনি শহরের বেড়াডাঙ্গার আবু বকর সিদ্দিক মোল্যার ছেলে।