যুবলীগ নেতা খুন, প্রতিবাদে আ.লীগ নেতার বাড়িতে হামলা
রংপুর শহরের মাহিগঞ্জ সাতমাথা বাসস্ট্যান্ড এলাকায় নিজের বাড়ির কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন ইমরান মিয়া (২৮) নামের এক ব্যক্তি। তিনি জেলা যুবলীগের সদস্য ছিলেন।
গত সোমবার দিবাগত রাত একটার দিকে ইমরানের ওপর হামলা হয়। পাঁচ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে হাসপাতালে তিনি মারা যান। সাতমাথা বাসস্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। খুনের ঘটনায় বিক্ষুব্ধ লোকজন গতকাল জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এম এ মজিদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তিনটি বাসসহ চ্যানেল আইয়ের ক্যামেরা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগও করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাসস্ট্যান্ডের কাছে একদল দুর্বৃত্ত ইমরান মিয়ার পথরোধ করে হামলা চালায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গতকাল সকাল ছয়টার দিকে তিনি মারা যান। ইমরানের বাবা জাবেদ আলী একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
এদিকে ইমরানের মৃত্যুর খবর পেয়ে এলাকার বিক্ষুব্ধ জনতা সকাল সাতটার দিকে সাতমাথার পাশে অবস্থিত তাজহাট বাবুপাড়ায় এম এ মজিদের বাড়িতে হামলা চালায়। বিক্ষুব্ধ লোকজনের অভিযোগ, এ হত্যাকাণ্ডে মজিদসহ তাঁর ভাগ্নে মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম জড়িত।
পুলিশ জানায়, মাহিগঞ্জ সাতমাথা বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন থেকে গন্ডগোল চলছিল। এরই জের ধরে ইমরানকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। এই স্ট্যান্ডের টোল আদায় ও আধিপত্য বিস্তার নিয়ে গত তিন মাসে বিবদমান দুটি পক্ষের মধ্যে চারবার সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি পক্ষে ছিলেন ওয়ার্ড যুবলীগের নেতা ইমরান। অন্য পক্ষে পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম। এই আশরাফুলের পক্ষে রয়েছেন এম এ মজিদ।
তবে এম এ মজিদ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
এদিকে, যুবলীগ নেতা ইমরান মিয়া খুনের জের ধরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুর বিভাগে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৭২ ঘণ্টার জন্য স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
গতকাল বিকেলে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ফেডারেশনের কার্যালয়ে এক জরুরি বৈঠকে পুলিশের পক্ষ থেকে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।