যুবলীগ নেতা চুসনী শাহীন অস্ত্রসহ আটক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহীন ওরফে চুসনী শাহীনকে (২৬) আটক করেছে র্যাব-১১।
গতকাল সোমবার সকালে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শাহীন ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক।
গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্টে অবস্থিত র্যাব-১১ ক্যাম্প অফিসের কমান্ডার এএসপি শাহ্ শিবলী সাদিক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি বিশেষ দল ফতুল্লার ফাজেলপুর এলাকায় অভিযান চালিয়ে শাহীনকে আটক করে। তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন ও ছোরা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ১০ দিনের পুলিশি রিমান্ডের আবেদন চেয়ে শাহিনকে আদালতে পাঠানো হয়েছে।