যুবলীগ নেতা তারিকুল হাসান হত্যাকাণ্ডে আরেকজন গ্রেপ্তার
কুমিল্লার দেবীদ্বার পৌর যুবলীগের সহসভাপতি তারিকুল হাসান ওরফে টিটু হত্যা মামলার আরেক আসামি মো. লিমন ওরফে মোটা লিমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লিমন নগরের দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার লিলু মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে কুমিল্লার আমলি আদালত-১-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাইন বিল্লাহর আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত পরবর্তী শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানান। এরপর তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ নিয়ে এ মামলার এজাহারনামীয় সাত আসামির মধ্যে তিন আসামি গ্রেপ্তার হলেন।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে নিহত তারিকুল হাসান টিটুর মা রাজিয়া সুলতানা বাদী হয়ে পরিকল্পিতভাবে খুন করে লাশ গুম করার অপরাধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
আসামিদের মধ্যে মো. রফিকুল ইসলাম লিমনকে ২৮ আগস্ট এবং রিয়াদ উদ্দিন হৃদয়কে গত মঙ্গলবার ভোরে এবং মো. লিমনকে বুধবার রাতে গ্রেপ্তার করে কুমিল্লা গোয়েন্দা পুলিশ।
মামলার অন্য চার আসামি হলেন নগরের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজল খানের ছেলে আরমান খান, ঠাকুরপাড়ার প্রয়াত নান্নু মিয়ার ছেলে মমিন ওরফে কানা মমিন, মমিনের ভাগিনা রাশেদ, ঠাকুরপাড়া আনু মিয়ার ছেলে আরমান ওরফে ছোট আরমান।
গত বুধবার বিকেলে কুমিল্লার আমলি আদালত-১-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাইন বিল্লাহর আদালতে গ্রেপ্তার হওয়া দুই আসামি রফিকুল ইসলাম লিমন ও রিয়াদ উদ্দিন হৃদয় ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে সাত আসামি ছাড়াও দেলোয়ার হোসেন ওরফে দেলু নামের আরও এক ব্যক্তির কথা বলেন তাঁরা।
জানতে চাইলে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ এ মামলার অন্যতম আসামি আফজল খানের ছেলেসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
গত মঙ্গলবার কুমিল্লা নগরের দক্ষিণ ঠাকুরপাড়া বড় মসজিদ এলাকার প্রবাসী মো. ইসমাইল মিয়ার মালিকানাধীন প্রাচীরঘেরা পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে জবানবন্দি দেওয়া দুই আসামির উপস্থিতিতে তারিকুল হাসান টিটুর কঙ্কাল উদ্ধার করে কুমিল্লা গোয়েন্দা পুলিশ। ২০১৫ সালের ২ জুলাই দেবীদ্বার থেকে নিখোঁজ হন তিনি।