মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা যুবলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম (৪০) গতকাল বৃহস্পতিবার থেকে নিখোঁজ। পরিবারের দাবি, তাঁকে অপহরণ করা হয়েছে। গ্রামের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত চালকল থেকে তাঁর স্যান্ডেল ও ধুলাবালিতে মুখে পরার তিনটি মাস্ক উদ্ধার করেছে পুলিশ।
রফিকুল লৌহজং উপজেলার কাজিরপাগলা গ্রামের রকিবুল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে তিনি ঢাকায় ইসলামপুরের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ নেই।
রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম বলেন, রফিকুল বাড়ির কাছে রাস্তায় বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চার-পাঁচজন লোক তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। ঘটনাস্থলে দুই রিকশাচালক রাজা মিয়া ও শাহাজাহান মিয়া ছিলেন। তবে অপহৃত ব্যক্তি রফিকুল কি না, তাঁরা বলতে পারেননি।
নজরুল আরও বলেন, অপহরণকারীরা রফিকুলকে যেখানে নিয়ে নির্যাতন করেছে, সেই জায়গা শনাক্ত করা হয়েছে। কাজিরপাগলা গ্রামের চিতাখোলার পাশের এক পরিত্যক্ত চালকলের একটি ঘর থেকে তাঁর ভাইয়ের একটি স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। ওই চালকলের পাশে বসবাসকারী এক নারী চার-পাঁচজন লোককে মুখ ও হাত বাঁধা একজনকে টেনেহিঁচড়ে একটি নৌকায় তুলে নিয়ে যেতে দেখেন।
খবর পেয়ে পুলিশ স্যান্ডেল ও মাস্ক উদ্ধার করে।
রফিকুলের পরিবার অভিযোগ করেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে একই গ্রামের একজনের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। এর জের ধরে তাঁকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় রফিকুলের বড় ভাই জহিরুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, রফিকুলকে উদ্ধারে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।