যুবলীগ নেতা 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৩০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, জেলা শহরে জাতীয় শোক দিবসের র‍্যালির পর দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের কর্মী সবুজ নিহত হওয়ার ঘটনায় করা মামলার সন্দেহভাজন আসামি এই জাকির।

পুলিশের দাবি, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার জগতি গ্রামের একটি বাগানে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি ধারালো অস্ত্র ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
‘বন্দুকযুদ্ধে’ নিহত জাকিরের বাড়ি মিরপুর উপজেলার কলবাড়িয়া গ্রামে। বাবার নাম আবদুর রাজ্জাক। ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদুর রহমান আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ইউনিয়নের কলবাড়িয়া-আহম্মদপুর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন জাকির।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, গতকাল সন্ধ্যায় কলবাড়িয়ার একটি মাঠের পাশ থেকে জাকিরকে ডিবি পরিচয় দেওয়া তিনজন গাড়িতে তুলে নিয়ে যান।
কথিত বন্দুকযুদ্ধের পর রাতে সাংবাদিকদের কাছে কুষ্টিয়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম দাবি করেন, সবুজ হত্যা মামলার আসামিরা জগতি গ্রামের একটি বাগানে গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে তারা খবর পান। এর ভিত্তিতে ডিবির সমন্বিত একটি দল সেখানে অভিযানে চালায়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য জাকিরের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শোক দিবসে জেলা আওয়ামী লীগের র‍্যালি শেষে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে আওয়ামী লীগের সমর্থক সবুজ হোসেন (২৪) নিহত হন।
সবুজ নিহত হওয়ার ঘটনায় গত রোববার থানায় হত্যা মামলা হয়েছে। সবুজের মেজো ভাই আরিফ হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করে মামলা করেন। মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেনকে এক নম্বর আসামি করা হয়েছে।
‘বন্দুকযুদ্ধে’ নিহত জাকিরের নাম মামলার এজাহারে নেই। তবে তিনি সাজ্জাদের পক্ষের লোক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।