যুবলীগ নেতাকে আদালত চত্বর থেকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে মো. সোহেল খান (২৭) নামের যুবলীগের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সোহেলের স্ত্রী মুন্নী বেগম।

তবে সোহেলকে আটক করার কথা অস্বীকার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোহেল খান মোরেলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি চিংড়িখালী ইউনিয়নের জামুয়া গ্রামের প্রয়াত জলিল খানের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুন্নী বেগম বলেন, ১৭ জুলাই সোমবার সকালে তাঁর স্বামী একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে র‍্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে একদল অস্ত্রধারী তাঁকে তুলে নিয়ে যায়। সে সময় তারা সোহেলকে মারধরও করে।

মুন্নী বেগম বলেন, সোহেলকে তুলে নিয়ে যাওয়ার সময়ে তাঁর সঙ্গে থাকা লোকজন বাধা দিতে গেলে তাঁদের অস্ত্রের ভয় দেখানো হয়। এরপর তাঁকে আদালতের পেছন দিক দিয়ে নিয়ে গিয়ে একটি কালো গ্লাস দিয়ে ঢাকা গাড়িতে করে সবার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। সোহেলের সঙ্গে তাঁর কয়েকজন আত্মীয় ও বন্ধু ছিলেন। তাঁদের কয়েকজনকেও ওই গাড়িতে তোলা হয়েছিল। মাঝপথে তাঁদের নামিয়ে দেওয়া হয়। মু্ন্নী বলেন, ‘আমরা তাঁর জীবন নিয়ে শঙ্কিত। আমাদের তিন বছর ৫ দিনের শিশুসন্তানটি তাঁর জন্য খুব কান্নাকাটি করছে।’

সোহেলের বন্ধু নয়ন বক্স বলেন, ‘সোমবার সোহেলের সঙ্গে আমিও আদালতে গেছিলাম। গাড়িতে তোলার আগে তারা সোহেলের হাতে হাতকড়া লাগায়। তাদের কাছে অস্ত্র ছিল। আমাদের গাড়িতে তোলা হলেও খুলনার দিকে রওনা হওয়ার পর কিছুদূর নিয়ে ছেড়ে দেওয়া হয়।’

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম বলেন, সোহেল খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাঁকে তিন সপ্তাহ আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ২১ দিনের মধ্যে সেই নোটিশের জবাব না দেওয়ায় তিন দিন আগে তাঁর পদটি স্থগিত করা হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, সোহেল খান নিখোঁজের ব্যাপারে তাঁর কিছু জানা নেই। সোহেলের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।

সোহেল খানকে আটকের অভিযোগ অস্বীকার করে র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এ এম এম জাহিদুল কবীর বলেন, সোহেল খানের পরিবারের পক্ষ থেকে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।