যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান ওরফে শাহিনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার কাঁঠালতলা বাজারসংলগ্ন এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে কুপিয়ে হত্যার পর বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
শাহিন মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। পরিবারের দাবি, স্থানীয় জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজনের বিবরণ অনুযায়ী, বেলা আড়াইটার দিকে শাহিন ও তাঁর বন্ধু মাসুদ বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারে পৌঁছার আগেই সন্ত্রাসীরা তাঁর পথ রোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় মাসুদ দৌড়ে পালিয়ে যান। পরে সন্ত্রাসীরা চারটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শাহিন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
শাহিনের ভাই মিজানুর রহমান বলেন, দুপুরে না খেয়েই শাহিন বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় শাহিনের সঙ্গে মাসুদ নামের তাঁর এক বন্ধু ছিলেন। বাড়ি থেকে আধা কিলোমিটার যাওয়ার পরই জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
মনিরামপুর থানার ওসি মোল্লা খবির আহম্মেদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে সরকারদলীয় দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে। শাহিন এর এক পক্ষের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। এই দ্বন্দ্বের জের ধরেই শাহিন খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।