যুবলীগ নেতাকে গুলি করলেন আরেক নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র নিয়ে বিরোধের জের ধরে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে উপজেলা যুবলীগের এক নেতা এবং তাঁর সহযোগীরা গুলি করে ও রড দিয়ে পিটিয়ে আরেক নেতার হাত-পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন যুবলীগের যুগ্ম সম্পাদক-১ সোহরাব হোসেন (৩২)। তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহরাব অভিযোগ করেন, সংঘর্ষের সময় তাঁর মোটরসাইকেলটিও পুড়িয়ে দিয়েছেন যুবলীগের যুগ্ম সম্পাদক-২ তৌহিদুর রহমান (৩০) ও তাঁর সহযোগীরা।
তবে তৌহিদুর রহমান বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। অন্য কেউ সোহরাবকে মারধর করতে পারে।
নলডাঙ্গা থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল নলডাঙ্গা পৌরসভার দুটি সড়ক নির্মাণের জন্য ৯২ লাখ টাকা ব্যয়সাপেক্ষ দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ কাজ পাওয়ার জন্য সোহরাব ও তৌহিদুর উভয়ই চেষ্টা করছিলেন। সোহরাব দুটি কাজই নেওয়ার জন্য গতকাল দুপুর ১২টার দিকে নাটোর শহরে দরপত্রের জন্য ডিডি করতে রওনা হন। পথে বাসুদেবপুর মোড়ে তৌহিদুর ও তাঁর সমর্থকেরা সোহরাবের মোটরসাইকেল থামিয়ে দেন। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে সোহরাবের ডান পায়ে তৌহিদুর গুলি করেন এবং তাঁর সমর্থকেরা রড দিয়ে হাত-পা ভেঙে দেন। তাঁরা সোহরাবের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজন সোহরাবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গতকাল বেলা পৌনে দুইটার দিকে নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, সোহরাবের পায়ে অস্ত্রোপচার চলছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, সোহরাবের দুটি হাত ও ডান পায়ের হাড় ভেঙে গেছে বলে মনে হচ্ছে। এ ছাড়া তাঁর পায়ের ক্ষতচিহ্নটি গুলির বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে এক্স-রে প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে জানানো সম্ভব নয়।
চিকিৎসাধীন সোহরাব দাবি করেন, তৌহিদুর পিস্তল দিয়ে তাঁর পায়ে গুলি করেছেন। আরও কয়েকজন তাঁর দুই হাত ও ডান পা রড দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছেন। তাঁর মোটরসাইকেলটিও পুড়িয়ে দেওয়া হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত বলেন, এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তবে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।