যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩
সাতক্ষীরা জেলা শহরের রাজার বাগান এলাকায় গত সোমবার রাত সাড়ে নয়টায় দিকে ভাড়া বাসার সামনে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার তিনজনকে আটক করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম কবিরুল ইসলাম ওরফে রাসেল (৩৮)। তিনি সদর উপজেলার আঁগড়দাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কবিরুল সদর উপজেলার কুচপুকুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সিরাজুলকেও গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল।
কবিরুল নিহত হওয়ার ঘটনায় তাঁর মা আমেনা খাতুন সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। এতে ১৭ জন জড়িত থাকতে পারেন এবং তাঁরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সদর উপজেলার দক্ষিণ চুপড়িয়া গ্রামের ইয়াকুব আলী (৫০), বালিয়াডাঙ্গা গ্রামের ইকবাল হোসেন (৪২) ও নারায়ণজোল গ্রামের ইমাম হোসেন (৩২)। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির স্ত্রী মুক্তা মনি বলেন, গত শুক্রবার তাঁরা রাজার বাগান এলাকার রবিউল ইসলামের বাড়ি ভাড়া নেন। সোমবার রাত আটটার দিকে কবিরুল মোটরসাইকেলে করে তাঁকে নিয়ে ভাড়া বাসা থেকে শহরের পোস্ট অফিস মোড়ে আসেন। সেখানে তাঁকে রেখে থানায় যান।
রাত সাড়ে নয়টার দিকে তাঁরা ফেরেন। বাসার ফটকের কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তিনটি মোটরসাইকেল থেকে কয়েকজন নেমে কবিরুলের শরীরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। কবিরুল পড়ে গেলে তারা আরও কয়েকটি গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইকবাল মাহমুদ বলেন, কবিরুলের ডান হাতে, বুকে ও গলায় একাধিক গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা বলেন, এ ঘটনায় গতকাল মামলা হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হলেও দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কবিরুল ইসলামের চাচা নজরুল ইসলাম বলেন, কবিরুলের বাবা সিরাজুল ইসলাম আঁগড়দাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন। তাঁকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর কুচপুকুর গ্রামে বাড়ির ভেতরে দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ওই মামলায় তিনি বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মামলা করেন। তাদের দুজন কারাগারে রয়েছে। অন্যরা পালিয়ে রয়েছে। তাঁর ধারণা, পালিয়ে থাকা আসামিরাই কবিরুলকে হত্যা করেছে। দুর্বৃত্তরা গত ২৪ মার্চ কবিরুল ইসলামকে গ্রামের বাড়ির সামনে বোমা হামলা করে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় মামলা হয়েছে।
পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক একরামুল হাবিব প্রথম আলোকে বলেন, তিনি গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যে হত্যাকারী যে বা যারা হোক তাদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করা হবে।