বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবলীগের এক নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে থানায় নেওয়ার পর পায়ে গুলি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাজেদুল ইসলাম ওরফে লিটনকে (৩৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
সাজেদুল পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। পুলিশ বলছে, একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে পুলিশের সঙ্গে তাঁর সহযোগীদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় তিনি গুলিবিদ্ধ হন।
সাজেদুল শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ডেমাজানী গ্রামের চান মিয়ার ছেলে। তাঁর স্ত্রী শাহানা অভিযোগ করেন, সপ্তাহ খানেক আগে ডেমাজানী এলাকায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে মাঠের ফটক খুলে দেওয়াকে কেন্দ্র করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের সঙ্গে সাজেদুলের বাগ্বিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়েছিলেন ওসি আলমগীর। এর জের ধরে সাজেদুলকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে পায়ে গুলি করেছেন ওসি। এখন বন্দুকযুদ্ধের নাম করে নাটক সাজাচ্ছে পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, সাজেদুলের বিরুদ্ধে অতীতে মারপিট এবং চাঁদাবাজির মামলা হয়েছিল। বগুড়ায় গত ১৪ ফেব্রুয়ারি গ্রামীণফোনের পরিবেশক প্রতিষ্ঠান ফাস্ট ডিস্ট্রিবিউশনের কর্মী মামুনুর রশীদকে হত্যা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি শহীদুল ইসলাম ১৭ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে সাজেদুল জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার ভিত্তিতেই সোমবার রাতে সাজেদুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামির গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন সাজেদুল প্রথম আলোকে বলেন, তিনি ইটভাটায় মাটি সরবরাহের ঠিকাদারি ব্যবসার পাশাপাশি যুবলীগের রাজনীতি করেন। সোমবার রাত ১১টার দিকে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পুলিশ গিয়ে ঘুম থেকে তাঁকে ডেকে তুলে চোখ বেঁধে গাড়িতে করে থানায় নেয়। চোখবাঁধা অবস্থায় কিছু সময় হাজতখানায় রাখার পর মধ্যরাতে তাঁকে হাজতখানার বাইরে বের করে ডান পায়ে গুলি করে পুলিশ।
তবে এ অভিযোগ অস্বীকার করে ওসি আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, সোমবার রাতে ডেমাজানী এলাকায় অভিযান চালিয়ে বাজার থেকে সাজেদুলকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযানে নামলে সাজেদুলের সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও আত্মরক্ষার্থে শটগানের ১২টি গুলি ছোড়ে। পালাতে গেলে সন্ত্রাসীদের গুলিতে আহত হন সাজেদুল।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, ডান পায়ের ঊরুতে গুলি লেগেছে। অস্ত্রোপচার করতে হবে।
বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, সাজেদুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো অভিযোগ নেই।