যুবলীগ নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাটকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
সম্রাট কুষ্টিয়া শহরের কমলাপুরের বাসিন্দা। তিনি পেশায় একজন ঠিকাদার। তাঁর মা শাহানাজ সুলতানা কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর। শাহানাজ সুলতানার ভাষ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে সম্রাট শহরের আগা ইউসুফ মার্কেটের তৃতীয় তলায় শহর যুবলীগের দলীয় কার্যালয় থেকে নিচে নামেন। এ সময় সেখানে তাঁর এক বন্ধুর মোটরসাইকেলে ওঠার সময় সাদাপোশাকধারী ডিবি পুলিশের একটি দল তাঁকে একটি সাদা মাইক্রোবাসযোগে তুলে নিয়ে যায়।
কুষ্টিয়া জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, ‘সম্রাটকে আটকের খবর আমরা তার পরিবারের কাছ থেকে শুনেছি। ঠিক কারা তাকে আটক করেছে তা জানতে পারিনি।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘আমার তো এ রকম কিছু জানা নেই।’