যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যুবলীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পালপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আরিফ হোসেন (৩২)। তাঁর বাড়ি আমিশাপাড়া ইউনিয়নের ভগ্রগাঁও গ্রামে। বাবা সিরাজুল ইসলাম। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন আরিফ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে ইউনিয়নের কালিকাপুর গ্রামে একটি সালিস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আরিফ। পালপাড়া গ্রামের উঁচুপোল নামক স্থানে এলে একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দেয়। আরিফের সঙ্গে একই মোটরসাইকেলে ছিলেন তাঁর আত্মীয় নুর মোহাম্মদ। তিনি অক্ষত অবস্থায় পালিয়ে যান। চিত্কার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরিফের মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতের লাশ রাতে হাসপাতাল থেকে স্বজনেরা বাড়িতে নিয়ে যান। পরে রাত চারটার দিকে সেখান থেকে লাশ থানায় নিয়ে আসে পুলিশ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পারভেজ আলম অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই বিএনপির স্থানীয় কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে আরিফকে পিটিয়ে হত্যা করেছেন।
তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বলেন, যুবলীগের ওই নেতাকে কে বা কারা পিটিয়ে হত্যার করেছে। বিএনপির কর্মীরাই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কয়েকটি বাঁশের টুকরো উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া আরিফের মোটরসাইকেলে থাকা নুর মোহাম্মদকে রাতে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে একই স্থানে দুর্বৃত্তদের হাতে নিহত হন নুর মোহাম্মদের নাতি পারভেজ। এই হত্যার ঘটনায় আরিফ এজাহারভুক্ত আসামি। আরিফের চাচার শ্বশুরপক্ষের আত্মীয় নুর মোহাম্মদ।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা রাত সাড়ে ১১টার দিকে বজরা এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা পর সোনাইমুড়ী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে যুবলীগের নেতা-কর্মীরা আমিশাপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে মতিন স্টোর নামের একটি দোকানে ভাঙচুর চালানো হয়। রাত সাড়ে ১২টার দিকে ধন্যপুর গ্রামের একটি চায়ের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।