যুবলীগ নেতাকে বহিষ্কার, এখনো গ্রেপ্তার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে গ্রেপ্তারের পর যুবলীগের কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনতাই ও পরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগের নেতা মনিরুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটি গত শনিবার বিকেলে বহিষ্কারের বিষয়টি ময়মনসিংহ মহানগর যুবলীগকে জানায়।

বহিষ্কৃত মনিরুজ্জামান ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য ছিলেন। মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান গতকাল বিকেলে বলেন, মনিরুজ্জামানকে বহিষ্কারের কথা কেন্দ্রীয় কমিটি থেকে তাঁদের জানানো হয়েছে।

তবে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি মনিরুজ্জামানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে পুলিশ ফাঁড়িতে হামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরপর আর কোনো আসামি গ্রেপ্তার হয়নি। ছিনিয়ে নেওয়া আসামি আসাদুজ্জামানও পলাতক। মনিরুজ্জামানসহ সব আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় হত্যাচেষ্টার মামলার আসামি যুবলীগের কর্মী আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে শহরের ২ নম্বর ফাঁড়িতে নিয়ে যাওয়ার পথে মনিরুজ্জামানের নেতৃত্বে যুবলীগের কর্মীরা পুলিশের গাড়ির গতিরোধ করে হামলা চালিয়ে আসাদুজ্জামানকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনার আধা ঘণ্টা পর রাত ১১টায় আসাদুজ্জামানের নেতৃত্বে ২০-২৫ জন লোক ২ নম্বর ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় ওই রাতে পুলিশের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মনিরুজ্জামানসহ যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মীর নামে দুটি মামলা করা হয়।