যুবলীগ নেতাকে মামলায় ফাঁসানোর অভিযোগ
ঢাকার ধামরাইয়ে চাঁদা না পেয়ে যুবলীগের এক নেতাকে মাদকসহ গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। কারাগার থেকে ছাড়া পেয়ে আবদুল মজিদ নামের ওই যুবলীগ নেতা আদালতে মামলাটি করেন।
মজিদ ধামরাইয়ের রোয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপিতি ও খরারচর গ্রামের বাসিন্দা। মজিদ বলেন, গত ২৫ জুলাই রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর থানা-পুলিশ তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। দুই সপ্তাহ জেলে থাকার পর তিনি জামিনে মুক্ত হন। জেল থেকে ছাড়া পাওয়ার পর গত ৩০ আগস্ট তিনি ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সিঙ্গাইর থানার এসআই গাজী মিজানুর রহমান ও আল-আমিনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলা তদন্ত করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন।
আবদুল মজিদ মামলায় উল্লেখ করেন, এসআই গাজী মিজানুর রহমান ও আল-আমিন গত ২৫ জুলাই রাতে ধামরাইয়ের খরারচর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে (মজিদ) ধরে নিয়ে যান। এরপর তাঁকে সিঙ্গাইর এলাকায় নিয়ে ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে তাঁরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁকে থানায় নিয়ে গিয়ে মাদকসহ গ্রেপ্তার দেখিয়ে পরদিন মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করেন।
সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, কারও দ্বারা প্রভাবিত হয়ে মজিদকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ সত্য নয়।