যুবলীগ নেতাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজার এলাকায় সাইফুল ইসলাম নামে যুবলীগের স্থানীয় এক নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই নেতার দাবি, প্রকাশ্যে মাদক বিক্রির বিরোধিতা করায় তাঁকে মারধর করা হয়েছে।
সাইফুল ইসলাম যুবলীগের ৩৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, মগবাজার বাটার গলিতে বৃহস্পতিবার সকালে পেয়ারাবাগ এলাকার ১২ নম্বর বস্তির জুয়েলসহ কয়েকজন যুবক রাস্তায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছিলেন। তিনি এর বিরোধিতা করলে তাঁরা তাৎক্ষণিকভাবে সেখান থেকে চলে যান। এরপর সন্ধ্যা সাতটার দিকে রিকশায় করে ফেরার সময় জুয়েলসহ ২০-২৫ জন যুবক তাঁর রিকশা থামান। রিকশা থেকে নামার পর শোভন নামে জুয়েলের এক বড় ভাই প্রথমে তাঁর মুখে ঘুষি মারেন। এরপর জুয়েল চাপাতি দিয়ে তাঁর ডান পায়ে কোপ দেন। এরপর বেশ কয়েকজন মিলে লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটান। রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সাইফুলকে মারধর করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। মাদক বিক্রির বিরোধিতা করায় এ ঘটনা ঘটেছে এমনটা তাঁদের জানা নেই।