যুবলীগ নেতাকে সভাপতি করায় অধ্যক্ষকে লাঞ্ছিত
নাটোর সদর উপজেলার কাফুরিয়া ডিগ্রি কলেজে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি করায় গতকাল শনিবার কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকদের সামনে অধ্যক্ষ এস এম সাইদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের নাটোর জেলা সভাপতি শাহ আলম ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নাটোর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, কাফুরিয়া ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ মো. শফিকুল ইসলামের নির্দেশে রুহুল আমিনকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়। এ খবর জানাজানি হলে স্থানীয় কাফুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ইলিয়াস হোসেনের ছেলে শাহ আলম, একই গ্রামের আবুল হোসেন ও মো. হারুন এবং একই এলাকার দস্তানাবাদ গ্রামের বাচ্চু মিয়াসহ ২০ থেকে ২৫ জন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কলেজে আসেন। তাঁরা কয়েক শত ছাত্রছাত্রী ও শিক্ষকের সামনেই অধ্যক্ষের অফিসে গিয়ে তাঁকে প্রথমে গালাগালি করেন। পরে একপর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে কলেজ থেকে বের করে দেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংসদ মো. শফিকুল ইসলাম এবং রুহুল আমিনকে জানান। পরে তাঁদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ করেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহ আলম বলেছেন, তাঁর এই প্রতিষ্ঠানে সভাপতি হওয়ার কথা ছিল, স্থানীয় সাংসদ এ বিষয়ে ডিও লেটারও দিয়েছিলেন। তাঁকে না জানিয়ে যুবলীগের সাধারণ সম্পাদককে সভাপতি করে কমিটি গঠন হয়েছে এমন খবর পেয়ে সঠিক বিষয় কী, তা জানার জন্য তিনি কলেজে গিয়েছিলেন। সেখানে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ সত্য নয়।