যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী ছৈয়াল হামলার শিকার হয়েছেন। হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর একটি পা ভেঙে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার সকালে পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

একই ওয়ার্ডের সাবেক দুই কাউন্সিলর বাবর আলী সরদার ও সাইদুর রহমান সরদারের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা দুজনই বিএনপির কর্মী।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, স্থানীয় সাংসদের সমর্থকদের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরোধ রয়েছে। এর জেরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী ছৈয়ালের বাড়ি লোনসিং গ্রামে। তিনি গতকাল সকাল ১০টার দিকে গ্রামের শেষ প্রান্ত থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির অদূরে লোনসিং উচ্চবিদ্যালয়ের কাছে তাঁর ওপর হামলা হয়। একই গ্রামের বাসিন্দা ওই সাবেক কাউন্সিলর বাবর আলী ও সাইদুরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে মোহাম্মদ আলীর ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাঁকে ফেলে রেখে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শেখ মোস্তাফা খোকন প্রথম আলোকে বলেন, আলীর বাঁ পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে গেছে। তা ছাড়া শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের আঘাতের জখম রয়েছে। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

তবে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে সাবেক কাউন্সিলর বাবর আলী বলেন, ‘আমার সঙ্গে মোহাম্মদ আলীর কোনো বিরোধও নেই। তাঁর ওপর কারা হামলা করেছেন, তা আমার জানা নেই।’

সাবেক কাউন্সিলর সাইদুরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।