যুবলীগ নেতার ওপর হামলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদপ্রার্থী এক যুবলীগ নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জেলার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মনিরুল ইসলামকে (৪৭) প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ করেছেন তাঁর দল ও পরিবারের সদস্যরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চুন্টা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হন চুন্টা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান মিয়া। বিদ্রোহী প্রার্থী হন চুন্টা ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি পল্লিচিকিৎসক মনিরুল ইসলাম। এই নিয়ে মনিরুল ইসলামের সঙ্গে সোলায়মান মিয়ার দ্বন্দ্ব তৈরি হয়। এর জের ধরে আজ শনিবার সকালে সোলায়মান মিয়ার ভাতিজা ইমরান হোসেন (২২), পিন্টু মিয়াসহ (২০) ১০ থেকে ১২ জন যুবক লাঠিসোঁটা নিয়ে মনিরুল ইসলামের ওষুধের দোকানে হামলা চালান। এ সময় তাঁরা মনিরুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁর দোকানও ভাঙচুর করা হয়। মনিরুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রথম আলোকে মনিরুল ইসলামের মেয়ে তানিয়া আক্তারের (২০) দেওয়া ভাষ্য, নির্বাচন নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতেও তাঁর বাবাকে হত্যার চেষ্টা চালানো হয়। তবে তা ব্যর্থ হয়। এরপর আজ সকালে সোলায়মান মিয়ার ভাতিজা ইমরান হোসেন, পিন্টু মিয়াসহ ১০ থেকে ১২ জন লোক দোকানে গিয়ে হামলা চালিয়েছেন।
২৮ ডিসেম্বর দেশব্যাপী জেলা পরিষদ নির্বাচন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী উপজেলার পাকশিমুল ইউনিয়নের মো. আবদুল্লাহ ভূঁইয়া ১২ ডিসেম্বর উচ্চ আদালতে একটি রিট পিটিশন (নং ১৫৭৬২/২০১৬) করেন। এই রিট পিটিশনের ভিত্তিতে উচ্চ আদালতে আগামী ৫ জানুয়ারি এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করার আদেশ জারি করেন।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান পদে ভোট সম্পন্ন হয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদের নির্বাচনের তারিখ ৫ জানুয়ারির পর জানা যাবে।
উপজেলা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।