যুবলীগ নেতার কাণ্ড!
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক যুবলীগ নেতার চাপাতির কোপে মোখলেছার রহমান (৩৫) নামে এক কৃষকের হাতের তিনটি আঙুল কাটা পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাঁজা বিক্রির টাকা নিয়ে দুজনের দ্বন্দ্বের মাঝখানে পড়ে আঙুল হারান এই কৃষক। আজ শনিবার সকালে উপজেলার কাথম এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত মোখলেছার রহমানকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গণিকে ওরফে কালুকে (৩০) গণধোলাই দিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি ও হাসুয়াসহ পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ওসমান গণি বর্তমানে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী চারজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কাথম গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা ওসমান গণি ও কামাল হোসেন (৩৫) দুজনই পোলট্রির ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডসের কাথম এলাকায় স্থাপিত একটি কারখানায় দৈনিক হাজিরার ভিত্তিতে শ্রমিকের কাজ করেন। শনিবার সকালে কারখানায় ঢোকার আগে প্রধান ফটকে কামালের সঙ্গে ওসমান গণি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তাঁরা দুজনই গাঁজাসেবী। অন্যদের কাছেও গাঁজা বিক্রি করেন। কামালের কাছে পাওনা গাঁজার টাকা চেয়ে প্রথমে কোয়ালিটি ফিডস এলাকায় দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে বাড়িতে ফিরে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে কামালকে ধাওয়া করেন ওসমান গণি। এ সময় ওসমান গণির হাতে ধারালো অস্ত্র দেখে এগিয়ে আসেন প্রতিবেশী কৃষক মোখলেছার রহমান। ওসমান গণির হাতে থাকা চাপাতির কোপে মোখলেছার রহমানের বাম হাতের তিনটি আঙুল কাটা পড়ে। গ্রামবাসীরা আহত মোখলেছারকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। উত্তেজিত জনতা ওসমান গণিকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে থানা থেকে পুলিশ এসে আহত ওসমান গণিকে আটক করে এবং তাঁর কাছ থেকে কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
কোয়ালিটি ফিডস কারখানাটির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আতাউল হক প্রথম আলোকে বলেন, ‘দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মরত কারখানার ওই দুই শ্রমিকই গাঁজাসেবী। শনিবার সকালে কারখানা ফটকের বাইরে কামালের কাছে গাঁজার টাকা চান ওসমান গণি। টাকা না পেয়ে কামালকে মারধর করেন। দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। বিষয়টি জানার পর ওই দুজনকে আমি কারখানার ভেতরে ঢুকতে দিইনি। তাঁদের কারখানা এলাকা থেকে চলে যেতে বলি। পরে তাঁরা বাড়িতে ফিরে গিয়ে আবারও মারামারি করে।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বলেন, এ ঘটনায় মোখলেছার রহমানের ছেলে আল আমিন বাদী হয়ে থানায় চাঁদাবাজি ও হত্যার উদ্দেশ্যে হামলার একটি মামলা করেছেন। ওই মামলায় ওসমান গণিকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল আলম প্রথম আলোকে বলেন, ‘মোখলেছার রহমানের হাতের তিনটি আঙুল কাটা পড়েছে। পুরোপুরি সুস্থ হলেও তিনি একটি হাতে স্বাভাবিক কাজ করতে পারবেন না।’
নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আখতার বলেন, ‘ওসমান গণি উপজেলার ভাটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি গাঁজায় আসক্ত।’