যুবলীগ নেতার গুলিতে আওয়ামী লীগ নেতা আহত

রাজধানীর বংশালে যুবলীগের স্থানীয় এক নেতার গুলিতে আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হাজী মো. রিপন (৩৮) ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ব্যক্তির বড় ভাই হাজি মো. লাভলু প্রথম আলোকে বলেন, আজ সোমবার বেলা সোয়া একটার দিকে রিপন স্থানীয় এক ব্যক্তির জানাজা শেষে বন্ধুর ফোমের দোকানে এসে বসেন। এ সময় যুবলীগের স্থানীয় নেতা আশিকুর রহমান আশিকসহ ১০ থেকে ১২ জন ওই দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি করে এবং রিপনকে মারধর করেন। এতে রিপনের ডান পায়ের হাঁটু ও হাঁটুর নিচে দুটি এবং ডান হাতের কনুইয়ের কাছে একটি গুলি লাগে। এ ছাড়া মাথায় এবং শরীরে জখমের চিহ্নও আছে। আহত অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
লাভলুর দাবি, সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কমিশনার পদপ্রার্থী গোলাম মোস্তফাকে সমর্থন দিয়েছিলেন রিপন। অন্যদিকে আশিক ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদের সমর্থক। নির্বাচনে আবু সাঈদ জয়লাভ করেন। নির্বাচনে গোলাম মোস্তফাকে সমর্থন দিয়েছিলেন বলে রিপনের ওপর এই হামলা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক গুলিবিদ্ধ অবস্থায় রিপনকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন।