যুবলীগ নেতার গুলিতে আহত আ.লীগ নেতা
রাজধানীর বংশালে গতকাল সোমবার স্থানীয় যুবলীগ নেতার গুলিতে আহত হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। গুলিবিদ্ধ হাজি মো. রিপন (৩৮) ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত রিপনের বড় ভাই হাজি মো. লাভলু প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সোয়া একটার দিকে প্রতিবেশী এক ব্যক্তির জানাজা শেষে বন্ধুর ফোমের দোকানে গিয়ে বসেন রিপন। এ সময় যুবলীগের স্থানীয় নেতা আশিকুর রহমানসহ ১০-১২ জন ওই দোকানে ঢুকে রিপনকে মারধর করেন এবং এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিপনের ডান পায়ের হাঁটু ও হাঁটুর নিচে দুটি এবং ডান হাতের কনুইয়ের কাছে একটি গুলি লাগে। এ ছাড়া মাথায় ও শরীরে জখমের চিহ্ন আছে। আহত অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
লাভলুর দাবি, সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী গোলাম মোস্তফাকে সমর্থন দিয়েছিলেন রিপন। অন্যদিকে আশিক ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদের সমর্থক। নির্বাচনে আবু সাঈদ জয়লাভ করেন। নির্বাচনে গোলাম মোস্তফাকে সমর্থন দিয়েছিলেন বলে রিপনের ওপর এই হামলা হয়েছে।
রাত সাড়ে নয়টার দিকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির বলেন, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।