যুবলীগ নেতার নেতৃত্বে আসামি ছিনতাই
বগুড়ার ধুনটে পুলিশকে মারধর করে এক মাদক বিক্রেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা যুবলীগের সহসভাপতি আলিম আল রাজিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানাহাজতে আলিম আল রাজি সাংবাদিকদের বলেন, ‘পুলিশকে মারধরের বিষয়টি মিথ্যা। রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশ এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আসলে টাকার বিনিময়ে একজন মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে।’
ধুনট থানার ওসি জিয়াউর রহমান বলেন, আলিম আল রাজির বিরুদ্ধে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই করার অভিযোগ ও মাদক আইনে দুটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলিম আল রাজিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি জাহাঙ্গীর আলম ও দীপক কর্মকারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, উপজেলার সদরপাড়া গ্রামের দীপক দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে মাদক রেখে বিক্রি করছেন। পুলিশ গত রোববার রাত ১১টার দিকে দীপকের বাড়িতে অভিযান চালায়। এ সময় দীপক পালিয়ে গেলেও সেখান থেকে উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীরকে দুই লিটার চোলাই মদসহ আটক করা হয়। পরে পুলিশ জাহাঙ্গীরকে থানায় নেওয়ার পথে আলিম আল রাজিসহ কয়েকজন হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন। এ সময় হামলায় থানার এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল লংকেশ রায় আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আলিম আল রাজিকে আটক করে। তবে ঘটনার সঙ্গে জড়িত দীপক ও জাহাঙ্গীর পালিয়ে যান।
এ ঘটনায় এসআই হজরত আলী বাদী হয়ে আলিম আল রাজি, জাহাঙ্গীর আলম ও দীপকের বিরুদ্ধে মামলা দুটি করেন।