লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আওয়ামী লীগের এক কর্মী ও যুবলীগের এক নেতার নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ওই এলাকার কয়েক হাজার একর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরলরেন্স বাজারের পাশে পাউবোর খালের ওপর ৩২টি ঘরের নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে ওই সব ঘরের প্রায় ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রায় অর্ধশত বছরের পুরোনা ওই খালটির একটি অংশ দখল হয়ে যাওয়ায় ওই এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগ কর্মী জহির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন আলমসহ কয়েকজনের নেতৃত্বে দোকানঘর নির্মাণের কাজ চলছে। স্থানীয় কৃষক আবুল কালাম, মো. হাশেম ও ছিদ্দিক উল্যাসহ অনেকে জানান, খাল দখলকারীরা প্রভাবশালী। তাই মানুষ ভয়ে এ কাজের প্রতিবাদ করতে পারছে না।
আওয়ামী লীগের কর্মী জহির উদ্দিন জানান, ‘আমরা জমি ইজারা নিয়ে দোকানঘর নির্মাণ করছি।’ নিয়ম অনুযায়ী পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ ওই খাল বন্দোবস্ত দেওয়া এবং স্থায়ী পাকা ভবন নির্মাণ করা যায় কি না—জানতে চাইলে তিনি এর উত্তর না দিয়ে বলেন, বিষয়টি প্রশাসন দেখছে।
যুবলীগের নেতা শাহীন আলম জানান, তিনি জমি ইজারা নিয়ে খালের ওপর ঘর নির্মাণ করছেন। স্থায়ীভাবে ভবন নির্মাণ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, সবাই করছে বলে তিনিও করছেন। খালে পানি থাকায় এখন তিনি কাজ বন্ধ রেখেছেন। ঈদের পর আবার কাজ শুরু করবেন। তিনি দাবি করেন, ভবন নির্মাণ করায় পানি নিষ্কাশনে কোনো সমস্যা হবে না। এ কারণে জলাবদ্ধতাও হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী জানান, এ দখলের ফলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। পাউবোর কর্মকর্তাদের এ বিষয়টি জানানোর পরেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
পাউবোর লক্ষ্মীপুর কার্যালয়ের সার্ভেয়ার জসিম উদ্দিন জানান, ওই এলাকার জহির উদ্দিন, শাহীন আলম, বোরহান উদ্দিন ও সফিসহ ৩২ জন ব্যক্তিকে খালের পাশে কিছু জমি শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়েছে। পাঁচ বছরের জন্য বরাদ্দ নেওয়া খালের ওই অংশে স্থায়ী স্থাপনা বা ভবন নির্মাণ করা যাবে না বলে শর্তে উল্লেখ রয়েছে। কিন্তু তাঁরা ওই শর্ত মানছেন না।
পাউবোর লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ টি এম খালেকুজ্জামান জানান, তিনি সরেজমিন গিয়ে খাল দখল করে ভবন নির্মাণ করার সত্যতা পেয়েছেন। দখলদারদের সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এর পরও যদি তাঁরা দোকানঘর না সরান তাহলে তিনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করবেন।