যুবলীগ নেতার নেতৃত্বে ছয়জনকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের এক নেতার নেতৃত্বে প্রতিপক্ষের ছয় ব্যক্তিকে ধরে নিয়ে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই যুবলীগ নেতার ছোট ভাই ফিরোজ হাওলাদারকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার সকালে কালিশুরী-ধুলিয়া সেতুর পূর্ব পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন জলিল শেখ, ফয়সাল শেখ, সিরাজুল হক, আবুল গাজী, মো. হাবিব ও আল আমিন। তাঁদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই যুবলীগ নেতার নাম মো. খলিলুর রহমান ওরফে ব্রিজ খলিল। তিনি ধুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয়, দলীয় সূত্র, পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খলিলুর রহমানের সঙ্গে ধুলিয়া ইউপির চেয়ারম্যান আবদুল জব্বারের বিরোধের চলে আসছে। এর জের ধরে গত সোমবার বিকেলে স্থানীয় রাবাই বাজারে খলিলের লোকজন প্রতিপক্ষের আব্বাস নামে এক ব্যক্তিকে আটক করে মারধর শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পিছু হটে খলিলের লোকজন।
ওই ঘটনার জেরে গতকাল মঙ্গলবার সকালে খলিলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল প্রতিপক্ষের জলিল শেখ, ফয়সাল শেখ, সিরাজুল হক, আবুল গাজী, মো. হাবিব ও আল আমিনকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক কালিশুরী-ধুলিয়া সেতুর পূর্ব পাশের এলাকায় তাঁর (খলিল) কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাঁদের হাত-পা বেধে হাতুড়ি দিয়ে দুই পায়ে পিটিয়ে জখম করে খলিল ও তাঁর লোকজন এবং দুটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আহত ব্যক্তিদের একটি টমটমে তুলে ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরে স্থানীয় কয়েকজন আহত ব্যক্তিদের স্পিডবোটে করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, ‘সম্প্রতি কয়েক দফায় খলিল ও তাঁর লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ৫০ জনকে আহত করেছেন। খলিল ও তাঁর লোকজনের হুমকির কারণে তিনি জাকাতের কাপড়ও দিতে পারছেন না। ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় থাকায় খলিলের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারছেন না।’
তবে খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ঘটনায় আমি জড়িত নই।’
বাউফল থানার ওসি আ জা ম মাসুদুজ্জামান এ ঘটনাকে নির্মম আখ্যা দিয়ে বলেন, ‘মামলা প্রক্রিয়াধীন। এরপরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’