যুবলীগ নেতার পা কেটে ফেলা হলো হাঁটু থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কোহিদুল ইসলাম ওরফে কুদ্দুস ফকিরের (৩২) গুলিবিদ্ধ ডান পা হাঁটু থেকে কেটে ফেলা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্ত্রাসীরা কুদ্দুস ফকিরের দুই পায়ে গুলি করে এবং ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানার এসআই রাশেদুল ইসলাম ও কুদ্দুস ফকিরের ভাই ডাবলু ফকির জানান, সোমবার সন্ধ্যার পর কুদ্দুস সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর থেকে সাহাপুর মসজিদ মোড়ে যাচ্ছিলেন। পরে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলের গতি রোধ করে তাঁর দুই পায়ে গুলি ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে তাঁর ডান পায়ে অস্ত্রোপচার করে হাঁটু থেকে কেটে বাদ দেওয়া হয়।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) রমজান আলী জানান, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।