যুবলীগ নেতার পিস্তলের গুলিতে স্কুলছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে যুবলীগ নেতার পিস্তলের গুলিতে গতকাল মঙ্গলবার মাহিমা আক্তার (৯) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহিমা সাভার পৌর এলাকার মজিদপুরের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। ওই যুবলীগ নেতার নাম আবু আহমেদ নাসীম পাভেল। তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়িও একই এলাকায়।
মাহিমার কয়েকজন প্রতিবেশী ও সাভার মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মাহিমা গতকাল বিকেল পাঁচটার দিকে পাভেলের বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ করে একটি গুলি তার ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়ে বের হয়ে যায়। এ সময় মাহিমা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে সেখানে তার অস্ত্রোপচার করা হয়।
মিজানুর রহমান জানান, পাভেলের বাড়ি থেকে মাত্র ১০ গজ দূরে তাঁর মেয়ে খেলা করছিল। এ সময় হঠাৎ করে ওই বাড়ির ভেতর থেকে একটি গুলি এসে মেয়ের ডান পায়ে এসে লাগে। পরে জানা যায় পাভেলের পিস্তল থেকেই গুলিটি বের হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য পাভেলের মুঠোফোনে বারবার চেষ্টা করলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে পাভেলের বোন নাজনিন আক্তার বলেন, ‘অনিচ্ছাকৃতভাবে আমার ভাইয়ের পিস্তল থেকে হঠাৎ করে একটি গুলি বের হয়ে মেয়েটির পায়ে লাগে।’
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, পিস্তলটি পাভেলের নামে লাইসেন্স করা। এর পরও তদন্ত করে পিস্তলটি জব্দ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।