যুবলীগ নেতার ফার্মেসির ফ্রিজে ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফ সেলিমুজ্জামানের মালিকানাধীন একটি ফার্মেসিতে গতকাল শনিবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফার্মেসির ওষুধ রাখার ফ্রিজে চারটি ইলিশ মাছ পাওয়া যায়। পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ ওষুধও।

নির্বাহী হাকিম ও বোয়ালমারীর ইউএনও রওশন আরা পলি বলেন, নোংরা পরিবেশ ও রাখায় প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে শরিফ দাবি করেন ফ্রিজে মাছ থাকার কারণেই এ জরিমানা।

গতকাল শনিবার রাত ৮টার দিকে এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

শরিফ সেলিমুজ্জামান বলেন, ‘ইউএনও আশপাশের কোনো দোকানে না গিয়ে সরাসরি আমার দোকানে এসে আদালত পরিচালনা করেন। আমি যুবলীগের নেতা এবং ইউপি চেয়ারম্যান হলেও তিনি (ইউএনও) অভিযানের আগে আমাকে বিষয়টি জানাননি। খবর পেয়ে আমি আমার ওষুধের দোকানে ছুটে যাই। ইউএনওর আচরণ ছিল দুঃখজনক। তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। আমার ছোট ভাই চারটি ইলিশ মাছ ওষুধের দোকানের ফ্রিজে রেখেছিল। এ জন্য ইউএনও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।’

‘ইলিশ মাছ ওষুধের দোকানে রাখায় এ জরিমানা করা হয়নি’-এমন মন্তব্য করে ইউএনও রওশন আরা পলি বলেন, ওষুধের দোকানের নোংরা পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে। অভিযানকালের যুবলীগের নেতা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন।