কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে অপহৃত এক প্রেমিক জুটিকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকাল ১০টায় পুলিশ তাঁদের উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য নুরুল হোসেনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও অপহৃত জুটির পরিবারের লোকজন জানান, ইসমাইল নামের এক যুবক তাঁর প্রেমিকাকে নিয়ে গত শুক্রবার বিকেলে পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লাহঘোনা এলাকায় তাঁর বড় ভাই ওমানপ্রবাসী ইলিয়াছ জসিমের বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন রাত একটার দিকে পুলিশ পরিচয় দিয়ে সাত-আটজন মুখোশ পরা দুর্বৃত্ত প্রবাসীর স্ত্রী ইসমত আরাকে দরজা খুলতে বলে।
এ সময় তিনি দরজা খুলে দিলে দুর্বৃত্তরা প্রেমিক জুটিকে ‘থানায় চল’ বলে নিয়ে যায়। পরে তাঁদের অপহরণ করা হয়েছে বলে রাত একটা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত ইসমত আরার মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ইসমত আরা বলেন, ‘সকালে আমি পেকুয়া থানার পুলিশের আশ্রয় নিই। ওই সময় অপহরণকারী চক্রের এক সদস্য ফোন করলে তাকে টাকা নিয়ে আসছি বলে পুলিশকে সঙ্গে নিই। ওই সময় যুবলীগের নেতার বাড়ির সামনে থেকে অপহরণকারী চক্রের সদস্য নুরুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে যুবলীগের নেতার ঘর থেকে অপহৃত প্রেমিক জুটিকে উদ্ধার করা হয়।’
অপহৃত মো. ইসমাইল বলেন, অপহরণ করার পর একটি বাড়িতে নিয়ে গিয়ে তাঁদের মারধর করা হয়। সেখানে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষরও নেয় অপহরণকারীরা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে যুবলীগের নেতা জাহাঙ্গীর আলমের বাড়ির দোতলা বিল্ডিংয়ের নিচতলার ৩ নম্বর কক্ষ থেকে অপহৃত জুটিকে উদ্ধার করা হয়। ওই সময় এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্ট্যাম্পটি উদ্ধার করা যায়নি।
যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলোর কাছে পুরো ঘটনা সাজানো নাটক বলে দাবি করেন।
তিনি বলেন, ‘শুক্রবার থেকে আমি বাড়িতে নেই এবং আমার বাড়ি নয়, আমার বাড়ির সামনে একটি ডেভেলপার কোম্পানির কার্যালয় থেকে অপহৃত জুটিকে উদ্ধার করা হয়েছে।’