যুবলীগ নেতার বিরুদ্ধে আ.লীগ নেতাকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মহাদান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের এক নেতাকে যুবলীগের এক নেতা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার ইউপি চেয়ারম্যান, সদস্যরাসহ এলাকাবাসী সরিষাবাড়ী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।
মারধরের শিকার ব্যক্তি হলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন (৪২)। এ ঘটনায় তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য আসাদ শেখসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
এর আগে ১ জুন যুবলীগের নেতা আসাদকে মারধরের অভিযোগে আলতাফসহ আওয়ামী লীগের তিন নেতার বিরুদ্ধে মামলা হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার আলতাফ ওই মামলায় জামালপুর আদালতে গিয়ে জামিন নেন। সেখান থেকে আসার পথে তিনি সন্ধ্যায় সদর উপজেলার দিগপইত উপশহর নামক স্থানে পৌঁছান। সেখানে আসাদ কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ফেলে যান। পথচারীরা তাঁকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল সকালে আলতাফের মা জুলেখা বেগম আসাদকে প্রধান করে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনের নামে মামলা করেন।
এ বিষয়ে কথা বলার জন্য যুবলীগের নেতা আসাদ শেখের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, আলতাফ হোসেনকে মারধরের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল দুপুর ১২টায় মহাদান ইউপির চেয়ারম্যান, সদস্য ও এলাকাবাসী ইউপি কার্যালয়ের সামনে সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কে টায়ারে আগুন জালিয়ে অবরোধ করেন। অবরোধকারীরা বিক্ষোভ মিছিল করেন এবং একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় রাস্তায় যানজট লাগে। মিছিল শেষে সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন মহাদান ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বেলা একটার দিকে অবরোধকারীরা চলে যান।
ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, আলতাফ হোসেনকে যুবলীগের নেতা আসাদ মারধর করেছেন। এর প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।