যুবলীগ নেতার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর আগমনের কারণ দেখিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকা থেকে দুটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্র জানায়, শহরের সাহেবপাড়া এলাকার শিমুলতলীতে, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ১ নম্বর গেটের সামনে থাকা বিরল প্রজাতির (প্রকৃত নাম জানা যায়নি) কয়েকটি বড় গাছের মধ্য থেকে গত বৃহস্পতিবার সকালে দুটি গাছ কাটা শুরু করেন শ্রমিকেরা। গতকাল শুক্রবার সকালে গাছ দুটির কিছু অংশ কেটে নিয়ে যাওয়া হয়। শ্রমিকেরা জানান, যুবলীগ নেতা খায়রুল আলম রবিনের নির্দেশে তাঁরা গাছ কাটছেন। আরও বলেন, গাছ দুটির আনুমানিক মূল্য লাখ টাকার বেশি।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উদ্বোধনে গেট বানানোর সুবিধার্থে গাছগুলো কাটা দরকার ছিল।
পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্তে উপনির্বাহী প্রকৌশলীকে (এইএন) দায়িত্ব দেওয়া হয়েছে।