যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আরও এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবার যুবলীগের এক নেতার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে।
গতকাল শনিবার দুপুর ১২টায় বানিয়াচং থানার পুলিশ যুবলীগের ওাওই নেতাকে কাগাপাশা গ্রাম থেকে গ্রেপ্তার করে। ওই ছাত্রীকে গতকাল হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ওই স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ওই ছাত্রী তার বাড়ির একটি কক্ষে ঘুমিয়েছিল। তার মা পাশের একটি কক্ষে ঘুমান। ওই রাতে তার বাবা ও বড় ভাই বাড়িতে ছিলেন না। এ সময় যুবলীগের নেতা দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই ছাত্রীর চিৎকার শুনে মায়ের ঘুম ভেঙে যায়। তিনি পাশের কক্ষে গিয়ে দেখেন, ওই নেতা তাঁর মেয়েকে ধর্ষণ করছেন। এ সময় তিনি চিৎকার করলে বাড়ির আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, তিনি দাঁড়িয়ে আছেন।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, তাঁরা গতকাল কাগাপাশা গ্রাম থেকে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে মেয়েটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। রাঙাহাটি গ্রামে গত বুধবার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে তাঁর পরিবার হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করতে গেলে কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করতে দেয়নি এবং বানিয়াচং থানার পুলিশ মামলাও নেয়নি। এ বিষয়ে প্রথম আলোয় গতকাল ‘মেয়েটির দায়িত্ব নিল না কেউ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল শনিবার তার সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।