যুবলীগ নেতার বিরুদ্ধে দরপত্র জমায় বাধা দেওয়ার অভিযোগ
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের স্থাপনা নিলামের দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৩৪টি দরপত্র বিক্রি হলেও বাধার কারণে দরপত্র জমা দেওয়ার শেষ সময় গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র চারটি জমা পড়ে। জেলা যুবলীগ নেতা রেজাউল ইসলামের লোকজন এ বাধা দেন বলে জানা গেছে।
দরপত্র কিনেছিলেন এমন কয়েকজন ঠিকাদারের অভিযোগ, সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যুবকের হুমকির কারণে তাঁরা দরপত্র জমা দিতে যেতে পারেননি। পরে তাঁরা দরপত্র বাতিলের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ চলছে। নতুন ভবন নির্মাণের জায়গায় হাসপাতালের পুরোনো স্থাপনা থাকায় সেগুলোর নিলাম ডাকা হয়। গত রোববার পর্যন্ত ছিল দরপত্র কেনার শেষ দিন। এ সময়ে ৩৪টি দরপত্র বিক্রি হয়। আর জমা দেওয়ার শেষ দিন গতকাল দরপত্র জমা পড়ে মাত্র চারটি।
গতকাল দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের মূল ফটক, সিভিল সার্জন কার্যালয়ের ফটকের পাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন যুবক।
ঠাকুরগাঁও শহরের জাবেদ শিকদার নামে এক ঠিকাদার অভিযোগ করেন, গতকাল দুপুর ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে দরপত্র জমা দিতে গেলে স্থানীয় যুবলীগ নেতা রেজাউল ইসলামের নেতৃত্বে ৪০-৫০ জন যুবক তাঁকে বাধা দেন। তখন যুবকেরা তাঁকেসহ কাজ পেতে আগ্রহী আরও কয়েকজনকে মারধরের হুমকি দেন। যুবকদের বাধায় তিনি আর দরপত্র জমা দিতে পারেননি।
শহরের আশ্রমপাড়ার সমীর দত্ত নামে আরেক ঠিকাদার অভিযোগ করেন, দরপত্র জমায় বাধা পেয়ে তিনি বেলা পৌনে দুইটার দিকে সিভিল সার্জন কার্যালয়ে দরপত্র জমা দিয়ে আসেন। পরে জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগপত্র জমা দেন।
এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি রেজাউল ইসলাম জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বলে নিশ্চিত করেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম অবশ্য দাবি করেন, ‘অফিস চত্বরে অনেক যুবকের আনাগোনা দেখা গেলেও দরপত্র ফেলতে বাধা দেওয়া হয়েছে, এমন অভিযোগ পাইনি।’