যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
রাঙামাটির লংগদু উপজেলার যুবলীগের নেতা জুয়েল মিয়ার (৩০) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জুয়েল মিয়া এবং তাঁর দুই সহযোগী বাবুল (৩০) ও জয়নাল আবেদীনের (৩২) বিরুদ্ধে লংগদু থানায় মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী (৪০) জানান, ওই রাতে লংগদু উপজেলা যুবলীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জুয়েল মিয়া এবং তাঁর সহযোগী বাবুল ও জয়নাল মদ্যপ অবস্থায় জোর করে তাঁর বাড়িতে ঢুকে পড়েন। পরে জুয়েল মিয়া তাঁকে মারধর ও ধর্ষণ করেন। এ সময় তাঁর বাড়িতে কেউ ছিল না।
পরে স্থানীয় লোকজন ওই নারীকে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল জুয়েল মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।