যুবলীগ নেতার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুকুরটির পূর্বদিকের অংশ গত বছর ভরাট করা হয়। এখন ভরাট করা হচ্ছে বাকি অংশ। মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
পুকুরটির পূর্বদিকের অংশ গত বছর ভরাট করা হয়। এখন ভরাট করা হচ্ছে বাকি অংশ। মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

রাজশাহী নগরের গৌরহাঙ্গা এলাকায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে কবরস্থানের পাশের একটি পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভরাটকাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা মানা হচ্ছে না।
নগরের গৌরহাঙ্গা এলাকায় পুকুরটির উত্তর পাশে গৌরহাঙ্গা কবরস্থান। দক্ষিণ পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া আল্লামা মুহম্মদ মিয়া কাসেমী (রহ.) ইসলামিয়া মাদ্রাসা। কবরস্থানে আসা মানুষ যাতে পুকুরের পানি ব্যবহার করতে পারে, সে জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৯৯৮ সালে উত্তর পাশে একটি পাকা ঘাট করে দেওয়া হয়। ঘাটের নাম দেওয়া হয় গৌহাঙ্গা গোরস্তানঘাট। সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর নাম খচিত উদ্বোধনী ফলকটি এখনো সেখানে আছে। মাদ্রাসার শিক্ষার্থীরা আগে এই পুকুরের পানি ব্যবহার করত।
স্থানীয় ব্যক্তিরা জানান, পুকুরটি ভরাট করা হলে লাশ দাফনের জন্য পানি পাওয়া যাবে না। প্রায় এক বছর আগে এই পুকুরটি ভরাট করার উদ্যোগ নেওয়া হয়। তখন পত্রপত্রিকায় লেখালেখির পর পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভরাট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এবার কয়েক দিন থেকে আবার পুকুরের দক্ষিণ পাড় ভরাট করার জন্য বালু ফেলা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান জানান, খবর পেয়ে গত রোববার তাঁরা পুকুরের অংশীদার স্থানীয় মঞ্জুর হাসান, রাউফুল, আরাফুল ও মারুফুলকে নোটিশ দেন। তাৎক্ষণিকভাবে ভরাট কার্যক্রম বন্ধ করারও নির্দেশ দেন। এ ছাড়া বুধবারের মধ্যে কেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে বলা হয়। নোটিশে পুকুর ভরাট আইন এবং রাজশাহী নগরের পুকুর ভরাটের ওপর আদালতের একটি নিষেধাজ্ঞার উদ্ধৃতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই নোটিশের কপি রাজশাহী জেলা প্রাশাসক, মহানগর পুলিশ কমিশনার ও বোয়ালিয়া থানায় দেওয়া হয়েছে। পুলিশকে পুকুর ভরাট বন্ধের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, পুকুরটি ভরাটের কাজ চলছে। এক ব্যক্তি এই কাজের তদারকি করছেন। তিনি জানান, ভরাটকাজে বালু দেওয়ার ঠিকা নিয়েছেন তিনি। কে ভরাট করাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী এই কাজ করাচ্ছেন। রমজান আলী পুকুরের মালিক কি না—জানতে চাইলে তিনি বলেন, তাঁর ভাগনে পুকুরের মালিক। এর কিছুক্ষণ পরেই আরও দুই যুবক এসে নিজেদের আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে বলেন, ‘তাঁরা রমজান ভাইয়ের লোক’।

পরে রমজান আলীকে ফোন করা হলে তিনি বলেন, এই পুকুরের মালিক তাঁর কেউ নন। যাঁরা ভরাট করছেন তাঁরাও তাঁর কেউ নন। গতবার পুকুর মালিক যখন ভরাট করতে চেয়েছিলেন, তখন তিনি রনি নামের এক ছেলের কাছ থেকে মাটিটা নিতে বলেছিলেন, যাতে কেউ চাঁদা না চাইতে পারে। এবার মালিক যে অনুমতি ছাড়াই ভরাট করছেন এ ব্যাপারে তিনি কিছু জানতেন না। তিনি পুকুরের মালিককে বলে দিয়েছেন, তাঁর নাম ভাঙালে তিনি নিজেই তাঁর সব কাজ বন্ধ করে দেবেন। এ সময় ওই মালিকের ফোন নম্বর চাইলে তিনি বলেন, ওই ব্যক্তির বিকেলের মধ্যে আসার কথা। আসলে তিনি নিজেই কথা বলিয়ে দেবেন। কিন্তু পরে আর জানাননি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তর নোটিশ দেবে কেন? তাঁরা অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।