যুবলীগ নেতার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর পৌর শহর যুবলীগের সাবেক সভাপতি আমীর হোসেনসহ চার-পাঁচজনের হামলায় আহত হয়েছেন—এমন অভিযোগে মামলা করেছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই‍) মোস্তফা আনোয়ার। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি এ মামলাটি করেন।
মোস্তফা আনোয়ারের দাবি, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মাদক ব্যবসায়ী মিন্টুকে ধরতে শহরের চকবাজার জামে মসজিদের পেছনে অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলটি একটি দোকানের পাশে রেখে তিনি দাঁড়িয়ে ছিলেন। তখন পৌর যুবলীগের নেতা আমীর হোসেন দুলালসহ চার-পাঁচজন এসে ধমক দিয়ে জানতে চান মোটরসাইকেলটি কার। তিনি নিজের পরিচয় দিলে তাঁরা পুলিশকে ব্যঙ্গ করেন এবং তাঁকে গালিগালাজ করে কিল-ঘুষি মেরে রাস্তার ওপর ফেলে দেন। এ ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। এ হামলায় পর তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মোস্তফা আনোয়ারের ভাষ্য, এ ঘটনায় তিনি বাদী হয়ে আমীর হোসেন দুলাল ও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টু চকবাজার এলাকায় অবস্থান করছিলেন—এ খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য চকবাজার এলাকায় আসে। এ সময় পৌরসভার বাঞ্ছানগর গ্রামের আমীর হোসেন দুলালসহ অজ্ঞাত চার-পাঁচজন পুলিশের মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে লাঠিসোঁটা নিয়ে পুলিশ কর্মকর্তার ওপর হামলা করেন। এ সময় তাঁরা পুলিশ কর্মকর্তাকে সরকারি কাজে বাধা দেন এবং হত্যার উদ্দেশ্যে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেন।

পৌর যুবলীগের নেতা আমীর হোসেন দুলালের দাবি, ‘এ বিষয়ে আমি কোনোকিছুই জানি না। ঘটনার পরে আমি এসেছি।’

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।