যুবলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে নিহত যুবলীগ নেতা রফিকুল ইসলামের লাশ নিয়ে আজ শনিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। ছবি: মাসুদ রানা
গাজীপুরের কালিয়াকৈরে নিহত যুবলীগ নেতা রফিকুল ইসলামের লাশ নিয়ে আজ শনিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। ছবি: মাসুদ রানা

গাজীপুরের কালিয়াকৈরে নিহত যুবলীগ নেতা রফিকুল ইসলামের লাশ নিয়ে আজ শনিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এতে দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে।
গতকাল শুক্রবার বিকেলে নিহত রফিকুলের ময়নাতদন্তের পর লাশ নিয়ে তাঁরা আজ পৌনে ১২টার দিকে মহাসড়কের সাহেববাজার বাইপাস মোড়ে আসেন। রাস্তার মাঝখানে কফিনটি রেখে তাঁরা চারপাশে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশ থেকে আসা সব গাড়ি আটকা পড়ে। প্রায় ২০ মিনিট পর পুলিশের অনুরোধে তাঁরা সেখান থেকে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুপুর ১২টার পর থেকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়েছে। পুলিশ সব অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উপস্থিতিতে গতকাল বিকেলে শহরে একটি অনুষ্ঠান চলছিল। এ সময় অনুষ্ঠানস্থলের পাশে দুর্বৃত্তরা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে (৫০) কুপিয়ে হত্যা করে। ওই ঘটনার পর সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও যুবলীগের অভ্যন্তরীণ কোন্দল, পদধারী নেতাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কথিত বন্দুকযুদ্ধে কয়েকজন নেতা নিহত হওয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এর মধ্যেই গাজীপুরে খুন হলেন যুবলীগের নেতা রফিকুল। নাম প্রকাশ না করার শর্তে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, দীর্ঘদিন ধরে কালিয়াকৈর এলাকার কিছু নেতা-কর্মীর সঙ্গে পদ-পদবি নিয়ে রফিকুলের বিরোধ চলে আসছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁর ধারণা।