যুবলীগ নেতার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরতলির কর্নেলহাটে দুটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালানোর সঙ্গে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সরওয়ার মোর্শেদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু গতকাল শুক্রবার প্রথম আলোকে এ কথা জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত কর্নেলহাটে ডায়মন্ড নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭১ জনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে ৪১ নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। পরে তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন আদালত। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুল আলম। আদালতের অভিযানের সময় স্থানীয় সাংসদ দিদারুল আলমও উপস্থিত ছিলেন। এ ঘটনার জের ধরে যুবলীগ নেতা সরওয়ার মোর্শেদসহ পাঁচ-ছয়জন নেতা-কর্মী ১২ ডিসেম্বর রাতে সাংসদ দিদারুল আলমের সিটি গেট এলাকার বাড়িতে যান। এ সময় তাঁরা হইচই করে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্ষোভ প্রকাশ করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কর্নেলহাট এলাকার পাশাপাশি দুটি ভবনে ডায়মন্ড ও স্টারমার্ক আবাসকি হোটেলের চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আবাসিক হোটেলের নামে চলত অসামাজিক কার্যক্রম।
এ ব্যাপারে সরওয়ার মোর্শেদ বলেন, ‘কর্নেলহাটের হোটেলে অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে আমার অবস্থান। সেখানে আমার ছোট ভাইয়ের একটি দোকান আছে। অভিযানের সময়ে ভাইয়ের দোকানটি ভাঙচুর করা হয়। আমি কেবল ওই ভাঙচুরের প্রতিবাদ করেছি।’