যুবলীগ নেতার হাতে দুই শিক্ষক লাঞ্ছিত
বগুড়ার শেরপুরে যুবলীগের স্থানীয় নেতা রামকৃষ্ণ দাস উপজেলার ভবানীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
আহত সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলামকে গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, শিক্ষক আমিরুল ইসলামের শরীরে ফোলা ও জখমের চিহ্ন রয়েছে।
রামকৃষ্ণ দাস উপজেলার ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। একই সঙ্গে তিনি ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য। প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, গতকাল এক শিক্ষার্থীর অভিভাবক তাঁর কাছে মেয়ের এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি জমা দিয়ে যান। কিছুক্ষণ পর রামকৃষ্ণ দাস এসে ওই ছাত্রীকে ফি ছাড়াই ফরম পূরণের সুযোগ দিয়ে অভিভাবকের দেওয়া টাকা তাঁকে দিতে বলেন। এতে প্রধান শিক্ষক রাজি না হলে রামকৃষ্ণ তাঁর ওপর চড়াও হয়ে কিলঘুষি মারতে থাকেন। এ সময় সহকারী প্রধান শিক্ষক তাঁকে (প্রধান শিক্ষককে) রক্ষায় এগিয়ে এলে তাঁকেও মারধর করেন রামকৃষ্ণ।
এদিকে রামকৃষ্ণ দাসের বাড়ি গিয়ে না পেয়ে ও তাঁর মুঠোফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করেও রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, প্রধান শিক্ষক তাঁকে ঘটনাটি জানিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।