যুবলীগ নেতার হামলায় আ.লীগ নেতা আহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান যুবলীগের নেতার হামলায় আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদের সভা শেষে বাড়ি ফেরার পথে বাশলীতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত আকতারুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, গত ২৫ মার্চ উপজেলার দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেনের ছেলে সানোয়ার হোসেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তিনি ভোটে পরাজিত হন। সানোয়ার এই পরাজয়ের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামানকে দায়ী করেন। তিনি সেই সময় ইউপি চেয়ারম্যানকে দেখে নেওয়ারও হুমকি দেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সন্ধ্যায় চেয়ারম্যান আকতারুজ্জামান উপজেলা পরিষদে সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সানোয়ার হোসেন তাঁর বাড়ির সামনে সমর্থকদের নিয়ে মহাসড়কে বাঁশ ফেলে চেয়ারম্যানের গতিরোধ করেন। ওই সময় চেয়ারম্যান মোটরসাইকেল থেকে নামামাত্রই সানোয়ার হোসেনের নেতৃত্বে একদল যুবক তার ওপর হামলা চালান এবং লাঠি ও বাঁশ দিয়ে পিটিয়ে তাঁকে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে চেয়ারম্যান আহত হওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর সমর্থকেরা বাশলীতলা গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় সমর্থকেরা ওই বাড়ির প্লাস্টিকের কয়েকটি চেয়ার ও জানালার কাচ ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সানোয়ার হোসেন কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
হাসপাতালে চিকিৎসাধীন চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, ‘আমি হাসপাতালে ভর্তি আছি। হামলার ব্যাপারে আমি কিছুই জানি না।’