যুবলীগ নেতার হামলায় গ্রাম পুলিশসহ আহত ৩
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গাজীনগর গ্রামে সড়ক কেটে মাছ শিকার করার অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন যুবলীগের সদস্য রোকন মিয়া ও সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে। এতে বাধা দেওয়ায় রোকন ও তাঁর লোকজনদের মারধরে গ্রাম পুলিশ সদস্য কুতুব আলীসহ (৪০) তিনজন আহত হয়েছেন।
গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুতুব আলী গতকাল দুপুরে ধরমপাশা থানার ওসি কাছে লিখিত অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গাজীনগর গ্রামের পেছনের গ্রামীণ সড়কের প্রায় ৩০ ফুট জায়গা কেটে গত বুধবার থেকে রোকন মিয়ার নেতৃত্বে তাঁর লোকজন চাঁই পেতে মাছ শিকার করে আসছেন। এ অবস্থায় সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে মানুষজন দুর্ভোগ পোহাচ্ছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরীকে জানানো হলে তাঁর নির্দেশে কুতুব আলী গত শনিবার সকালে মাছ শিকারে বাধা দেন। কিন্তু তাঁরা শোনেননি। গত মঙ্গলবার রাত আটটার দিকে ওই সড়কে পেতে রাখা ১২টি চাঁই সেখান থেকে তুলে নিয়ে গ্রাম পুলিশ ইউপির একটি কক্ষে রেখে দেন কুতুব আলী। এতে ক্ষিপ্ত হয়ে রোকন মিয়ার নেতৃত্বে পাঁচ-ছয়জন লোক গতকাল সকাল সাতটার দিকে ইউপির একটি কক্ষে থাকা কুতুব আলী, তাঁর স্ত্রী ও ছেলেকে কিল-ঘুষি মেরে আহত করেন।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘সড়ক কেটে মাছ শিকারে বাধা দেওয়াসহ সড়কে পেতে রাখা ওই চাঁইগুলো সেখান থেকে নিয়ে আসতে আমি ওই গ্রাম পুলিশকে বলেছিলাম। আর এ জন্য রোকন মিয়ার নেতৃত্বে গ্রাম পুলিশ কুতুব আলী, তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করা হয়েছে।’
রোকন মিয়ার মুঠোফোনে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগ করলেও বন্ধ পাওয়া যায়। ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।