যুবলীগ নেতার 'ঈদ শুভেচ্ছা', মুক্ত হচ্ছে না দামি বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের আম্বরখানায় যুবলীগ নেতার ঈদ শুভেচ্ছা এখনো শোভা পাচ্ছে l প্রথম আলো
সিলেট নগরের আম্বরখানায় যুবলীগ নেতার ঈদ শুভেচ্ছা এখনো শোভা পাচ্ছে l প্রথম আলো

এক পাশে বড় করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছবি, অন্য পাশে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খানের ছবি। মাঝখানে অভিনন্দনের কথামালা। উপলক্ষ ছিল প্রায় চার সপ্তাহ আগে উদ্যাপিত হওয়া ঈদুল ফিতর। নগরের কেন্দ্রস্থলের আম্বরখানা মোড়ের সবচেয়ে বড় বিলবোর্ড দখল করে সাঁটানো হয় এটি। ঈদ শেষ হলেও শেষ হচ্ছে না যুবলীগ নেতার ‘ঈদ শুভেচ্ছা’।
সংগঠন থেকে জানা গেছে, সিলেট মহানগর যুবলীগের কমিটির মেয়াদোত্তীর্ণ হয় ২০০৪ সালের নভেম্বরে। এর পর থেকে নতুন কমিটির তোড়জোড় চলছিল। প্রায় এক দশক পর গত ৪ জুলাই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-উর রশীদ ঢাকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সচিবালয়ের দপ্তরে গিয়ে মহানগর যুবলীগের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
কেন্দ্র থেকে ঘোষিত কমিটিতে নগর যুবলীগের আহ্বায়ক পদে আলম খান মুক্তি ও যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ, আসাদুজ্জামান ও সাইফুর রহমানকে মনোনীত করা হয়। আহ্বায়ক কমিটির সদস্য মোট ৫৬ জন। যুবলীগের বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুদীপ দেসহ ত্যাগী নেতা-কর্মীরা স্থান পাননি বলে অভিযোগ ওঠে কমিটি ঘোষণার পরদিনই। এ অভিযোগে ৭ জুলাই নগরে ঝাড়ুমিছিল করে কমিটি প্রত্যাখ্যান করেন পদবঞ্চিতরা।
যুবলীগের একাধিক নেতা-কর্মী জানান, ওই বিক্ষোভ দেখে অনেকটা চুপচাপ থাকার কৌশল নেয় নতুন কমিটি। ঘরোয়া পরিসরে একাধিক বৈঠক শেষে ২৩ জুলাই অর্থমন্ত্রীকে সিলেটে অভ্যর্থনা জানানো উপলক্ষে প্রথম নতুন কমিটির নেতারা প্রকাশ্যে নামেন। কমিটি গঠন থেকে শুরু করে ঘোষণা পর্যন্ত অর্থমন্ত্রীর ‘অবদান’ স্বীকার করে তাঁকে অভিনন্দিত করতে যুবলীগের আহ্বায়ক আলম খান ঈদের দুই দিন আগে একটি বিজ্ঞাপনী সংস্থার বিলবোর্ড দখল করে ‘ঈদ শুভেচ্ছা’র ওই ব্যানার সাঁটান।
বিলবোর্ড স্থাপনকারী বিজ্ঞাপনী সংস্থার স্থানীয় প্রতিনিধি জানান, দুই বছরের চুক্তিতে ওই বিলবোর্ডে একটি পণ্যসামগ্রীর প্রচার ছিল। বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় ও নগরে প্রবেশের প্রধান সড়কের মোড় আম্বরখানা একটি দর্শনীয় স্থান হওয়ায় উচ্চ মূল্য দিয়ে পণ্যের বিজ্ঞাপন সেখানে সাঁটানো হয়েছে। সেটির ওপর যুবলীগ নেতা ডিজিটাল ব্যানার সাঁটিয়েছেন। এ সময় তিনি মৌখিকভাবে ঈদের তিন দিন পর খুলে ফেলা হবে বলে জানান। কিন্তু ঈদের এক সপ্তাহ পর একাধিকবার বলার পরও সেটি অপসারিত হয়নি। যুবলীগের নেতার সঙ্গে অর্থমন্ত্রীর ছবি থাকায় সেটি নিজ থেকে অপসারণও করতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিলবোর্ড দখলের বিষয়টি মানতে নারাজ যুবলীগের নেতা আলম খান। তাঁর দাবি, দীর্ঘ বিরতি দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নিয়ে নগর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় সাধারণ কর্মীরা উজ্জীবিত। এ উৎসাহ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কর্মীরা এটি সাঁটিয়েছেন।
ঈদ উপলক্ষ শেষেও ‘ঈদ শুভেচ্ছা’ কেন? এ প্রশ্নে তিনি বলেন, ‘আসলে এটি কর্মী-সমর্থকেরা সাঁটিয়েছিলেন। এখনো সেটি ঝুলছে কি না, আমি জানি না। ঈদ যেহেতু শেষ হয়ে গেছে, তাই এটি থাকার তো আর মানে হয় না। আমি কর্মীদের সরিয়ে ফেলার জন্য বলব।’