যুবলীগ নেতার 'ছুরিকাঘাতে' স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আবদুল মান্নান (২৭) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তাঁকে হত্যার জন্য একই উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব দত্তকে দায়ী করা হচ্ছে।

‘তুচ্ছ’ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

নিহত মান্নানের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কাদির চৌধুরী। আর সজীবের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, গতকাল রাত ১২টার দিকে দুই সহযোগীসহ মান্নান মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহর থেকে স্টেশন রোডের দিকে যাচ্ছিলেন। পথে তাঁদের সজীবসহ আরও কয়েকজন ধাওয়া করেন। মুন্সিরহাট এলাকায় মান্নানের ওপর হামলা হয়। তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। মান্নানকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলের আরোহী জুম্মন খান আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে মান্নানকে মৃত ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুব্রত কুমার সেন বলেন, হাসপাতালে আনার আগেই মান্নানের মৃত্যু হয়। তাঁর পিঠ, হাত ও মুখে জখমের চিহ্ন দেখা গেছে। আহত জুম্মনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. জনি নামের এক যুবকের ভাষ্য, কয়েক দিন আগে ধূমপান নিয়ে সজীবের সঙ্গে মান্নানের বাগ্‌বিতণ্ডা হয়েছিল। এ ঘটনার জের ধরে গতকাল রাতে মান্নানের ওপর হামলা হয়। মান্নানকে ছুরিকাঘাত করেন সজীব।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদ বলেন, হামলাকারীদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। হত্যায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে।