যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধরমপাশা) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের সুনামগঞ্জ পৌর শহরের বাসায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইটপাটকেল নিক্ষেপ ও বাসার ফটক ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে সাংসদ এ সময় বাড়িতে ছিলেন না।
থানার পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গতকাল শুক্রবার সুনামগঞ্জ সদর মডেল থানায় সাংসদের বাসার তত্ত্বাবধায়ক সৈয়দ সুজন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ওরফে সেন্টু, পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবাবিল নূর, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ ওরফে উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ওরফে উকিলসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা হিসেবে ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাতে পৌর যুবলীগের আহ্বায়ক আবাবিল নূর ও যুবলীগের চারজন কর্মীকে আটক করে। শুক্রবার দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে সাংসদ মোয়াজ্জেম হোসেন ২০০৭ সালে বাড়িটি নির্মাণ করেন। তবে সাংসদ এই বাড়িতে থাকেন না, মাঝেমধ্যে আসেন। তাঁর মূল বাড়ি জেলার ধরমপাশা উপজেলায়।
সাংসদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে দিকে এ ঘটনা ঘটে। তিনি তখন তাঁর নির্বাচনী এলাকা তাহিরপুরে একটি অনুষ্ঠানে ছিলেন।
বাসার তত্ত্বাবধায়ক সৈয়দ সুজন বলেন, সন্ধ্যা সাতটার দিকে ১৫-২০টি মোটরসাইকেলে করে একদল যুবক ওই বাসায় গিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় বাসার ফটকের দুটি বাতি ভাঙচুর করা হয়। ফটকে তালা দেওয়া থাকায় হামলাকারীরা ভেতরে ঢুকতে পারেনি।
সাংসদ মোয়াজ্জেম হোসেনের অভিযোগ, তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের সঙ্গে শহরের যুবলীগের নেতা-কর্মীরা জড়িত। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন।
তবে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা সাংসদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনার সঙ্গে যুবলীগের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, সাংসদের বাড়িতে হামলার ঘটনায় শুক্রবার থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।