যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়ায় পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগে করা মামলায় উপজেলা যুবলীগের সহসভাপতিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দেবোত্তর বাজারে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটে। এ অভিযোগে গতকাল রাতেই ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম (৩৮) ও তাঁর ভাই বাবু হোসেন (২৮), জিকলু হোসেন (২৬), পিঞ্জর আলী (২৯), আফজাল হোসেন (২৮) এবং পরিমল হোসেন (৩৮)।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লেনিন আলমগীরের ভাষ্য, গতকাল রাত আটটার দিকে পুলিশের একটি দল উপজেলার দেবোত্তর বাজারে মাদকবিরোধী অভিযান শুরু করে। এ সময় পুলিশের কাজে বাধা দিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন যুবলীগের নেতা রফিকুলসহ অন্যরা। একপর্যায়ে বাধা উপেক্ষা করে অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা হয়। এতে পুলিশের তিনজন সদস্য আহত হন।
আহত হওয়া পুলিশ সদস্যরা হলেন আটঘরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন, শরীফুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি জানান, ঘটনার পর রাতেই আহত এএসআই আনোয়ার হোসেন বাদী হয়ে পুলিশের কাজে বাধা দেওয়া ও তাদের ওপর হামলার অভিযোগে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেন। আজ সকালে রফিকুলসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।